নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি ও আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মহিদুল ইসলাম জুয়েল। তিনি মনে করেন, আবু সাইদ চাঁদ মন্ত্রী হলে চারঘাট-বাঘা তথা রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মহিদুল ইসলাম জুয়েল এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আবু সাইদ চাঁদ যে আস্থা অর্জন করেছেন, তা প্রমাণ করে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে মন্ত্রিত্বের জন্য যোগ্য করে তুলেছে।”
তিনি আরও বলেন, চারঘাট-বাঘা কৃষি, শিক্ষা ও ক্ষুদ্র ব্যবসা নির্ভর এলাকা। এখানে কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। “মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে আবু সাইদ চাঁদ এসব খাতে বিশেষ ভূমিকা রাখতে পারবেন,”—যোগ করেন তিনি।
এ সময় আড়ানী পৌর বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে চারঘাট-বাঘা নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে। যুবসমাজকে সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আহ্বানও জানান তারা।
স্থানীয় নেতা কর্মীরা আরও বলেন, দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং চারঘাট-বাঘাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।



