স্টাফ রিপোর্টার বাঘা, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা মা-সহ তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারের পূর্ব পাশে রিয়াদ আলী ডাক্তার এর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, লালপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় পাঁচজন যাত্রী বাঘার দিকে আসছিলেন। পথে বাঘা থেকে লালপুরগামী স্টিয়ারিংচালিত একটি ভুটভুটি (লোকাল ইঞ্জিনচালিত যান) এর সঙ্গে চন্ডিপুর বাজারের পূর্ব পাশে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ভুটভুটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বাঘা উপজেলার বুধপাড়া গ্রামের মৃত নিরাপদ মিস্ত্রির ছেলে শ্রী বিধান মিস্ত্রি (৪৫) এবং লালপুর উপজেলার ফতেপুর বিলমারিয়া গ্রামের মোঃ নজির উদ্দিন দফাদারের ছেলে মোঃ শরিফ হোসেন (৪২), যিনি সিএনজি চালক ছিলেন। তাদের মরদেহ পুলিশ হেফাজতে বাঘা থানায় রাখা হয়েছে।
এদিকে সিএনজিতে থাকা আহত তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে লালপুর উপজেলার আন্দি সালামপুর গ্রামের মৃত নাজিমউদ্দিনের স্ত্রী মোসা. রোকেনা বেগম (৯০) মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
দুর্ঘটনায় রোকেনা বেগমের ছেলে মোঃ শাহজাহান আলী (৩৫) এবং লালপুর উপজেলার চক বাদুড়িয়া (বিলমারিয়া) গ্রামের মোসা. সীমা বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



