বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদ ৫ ফেব্রুয়ারি ২০২৬ সারাদিন ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান। তিনি আড়ানী পৌরসভার ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
বিশেষভাবে আড়ানী পৌরসভার ০১ নং ওয়ার্ডে মোঃ তোজাম্মেল হকের নেতৃত্বে, ০২ নং ওয়ার্ডে মোঃ মহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এবং ০৬ নং ওয়ার্ডে মোঃ মোস্তাক আহমেদ বিল্টুর নেতৃত্বে আড়ানী পৌরসভায় এই ৩জনের নেতৃত্বে হাজার হাজার সাধারণ জনগণকে নিয়ে নিজ নিজ ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু, মোঃ মহিদুল ইসলাম জুয়েল (আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি), রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান স্বজন,রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামিম সরকার, আড়ানী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া, আড়ানী পৌর ০৯ টি সকল ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গণ, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
উক্ত সময়ে মোঃ তোজাম্মেল হক বলেন, “আমরা চাই স্থানীয়দের সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের চেষ্টা করতে। আবু সাইদ চাঁদ তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য প্রস্তুত। এই গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে জনগণ প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলতে পারছে এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাস পাচ্ছে।”
মোঃ মহিদুল ইসলাম জুয়েল বলেন, “আমরা দেখছি আড়ানীর মানুষ নির্বাচনকে শুধুই ভোটের রাজনীতি হিসেবে দেখছে না। তারা চায় প্রকৃত নেতা, যে তাদের স্বপ্ন ও সমস্যার প্রতি দায়বদ্ধ। আবু সাইদ চাঁদ সেই নেতা, যার নেতৃত্বে আড়ানী ও বাঘা-চারঘাটের উন্নয়ন সম্ভব। তাই আমাদের প্রত্যেক ভোট গুরুত্বপূর্ণ, এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে দাঁড়াতে হবে।”
আড়ানী পৌর যুগ্ম-আহ্বায়ক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি আবু সাইদ চাঁদকে জয়ী করতে হবে। আমাদের লক্ষ্য মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা এবং আড়ানী অঞ্চলের উন্নয়নে তিনি নিবেদিত থাকবেন।”
আড়ানী পৌরসভার ০৯টি ওয়ার্ডে চলমান এই প্রচারণা প্রার্থীর জনমত সংগ্রহ ও ভোটারদের সঙ্গে সংযোগ দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।



