বাঘা,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রবাসী-সহ অসংখ্য পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার(১৫ মার্চ) গভীর রাতে উপজেলাধীন গড়গড়ী ইউনিয়নের খায়ের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৩জনই হ্যাকিং এর সাথে সম্পৃক্ত বলেও নিশ্চিত করেছেন পুলিশ।
বাঘা থানা পুলিশ সূত্রে, উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী(২০) ,আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম(২২) রবিবার রাত ১ টার সময় রাঙ্গার বাড়িতে বসে মাদক সেবন করেন। এরপর তারা ফেসবুকে একটি এ্যাপস খুলে নারী কন্ঠে কথা বলে প্রবাসী যুবক-সহ বিভিন্ন পুরুষের সাথে প্রতারণা পূর্বক টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ছাড়াও তারা হ্যাকিং এর সাথে সম্পৃক্ত। এমন তথ্যের ভিত্তিতে তাদের কাছ থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত ছয়টি দামি মোবাইল এবং ৫ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট- পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃত ৩ যুবকের বিষয়ে স্থানীয় লোকজন জানান, তারা দীর্ঘদিন ধরে মানুষের সাথে নানা ভাবে প্রতারণার মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সেরাজুল হক জানান, রবিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ৩জন প্রতারক(হ্যাকারকে) গ্রেফতার করা হয়। প্রত্যেকেই নিজেদের অপরাধ স্বীকার করে। এ মর্মে তাদের নামে প্রতারণা-সহ হ্যাকিং মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।



