চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের চাপাতির আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টা ৩০মিনিট দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান সংলগ্ন কালুহাটি–আড়ানী সড়কে এ ঘটনা ঘটে।
আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরাজ আলী দুপুরে মাঠ থেকে গরুর খাবারের জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়।হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে দ্রুত সটকে পড়ে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বিরাজের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীর ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরপ্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল। পরিবারের দাবি, ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো বিরোধের তথ্য তাদের জানা নেই। আসন্ন নির্বাচন ঘিরেও বিরাজ আলীর সঙ্গে কারও প্রকাশ্য দ্বন্দ্ব ছিল না বলে তারা জানান।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পুলিশ হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে বলে জানা গেছে।



