রাজশাহী জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের সর্বস্তরের নাগরিকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি আরও বলেন, মহিমান্বিত মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করি—এই হোক আমাদের প্রত্যাশা।
বাণীতে মাহফুজুর রহমান রিটন বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। সকল শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন এই আনন্দে শামিল হতে পারে—সেজন্য আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।
তিনি উল্লেখ করেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন সর্বদা কাজ করে যাচ্ছে। নাগরিক সেবা নিশ্চিতকরণে এই অগ্রযাত্রায় নগরবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
পরিশেষে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, তিনি যেন সকলের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন এবং প্রিয় মহানগরী রাজশাহীকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তোলার তৌফিক দান করেন।



