চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো ফিলিং স্টেশন থেকে তেল কেনা যাবে না। আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম পুরো জেলায় কার্যকর করা হবে।
রোববার (২৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান এবং ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
সভায় জানানো হয়, সোমবার (৩০ মার্চ) থেকে জেলার সব তেল পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী তেল বিতরণ করা হবে। আর ১ এপ্রিল থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক থাকবে।
ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে কার্ড বিতরণ করা হবে। এ সময় আবেদনকারীদের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন কাগজপত্র এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে অনিয়ম কমবে এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফুয়েল কার্ড সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।



