বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাঘা ঈদ মেলার খোলা ডাকে ইজারা পেলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দুই টায় বাঘা মাজার প্রাঙ্গণে চলতি বছরের জন্য মেলাটি ১২ লাখ ৭০ হাজার টাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। খোলা ডাকের মাধ্যমে সর্বোচ্চ ডাক কারী ইজারা পেয়েছেন মোঃ শফিকুল ইসলাম শফি। এটি তাঁর দ্বিতীয়বারের মতো এই ঐতিহ্যবাহী মেলার ইজারা লাভের করেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী বাঘা ঈদ মেলাটি অঞ্চলের সংস্কৃতি, বাণিজ্য ও সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর মেলাকে ঘীরে দেশের বিভিন্ন জেলা উপজেলার দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে সমবেত হন।
মেলা উপলক্ষে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও জমে ওঠে। বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী, খেলনা, হস্তশিল্প, খাবার ও গ্রামীণ সংস্কৃতিনির্ভর নানা আয়োজন মেলায় স্থান পায়। ফলে স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ে।
এদিকে মোঃ শফিকুল ইসলাম শফি পুনরায় মেলার ইজারা পাওয়ায় স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এবারের মেলাটি আরও সুশৃঙ্খল, নিরাপদ ও প্রাণবন্তভাবে আয়োজন করা সম্ভব হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঐতিহ্যবাহী এই মেলাটি আগের মতোই এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং দর্শনার্থীদের জন্য হয়ে উঠবে আনন্দঘন মিলনমেলা।
ঐতিহাসিক ঈদগাঁ মাঠসহ মাজার একালায় ঐতিহ্যের মেলা টির বৈধ ইজারাদার উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি বলেন,আমাদের আনন্দের অনুভূতির মেলাটিতে কোন রকম অসামাজিক কার্যকলাপ চলতে দিব না। রাজশাহী জেলার বৃহত্তর এই মেলাটি সুন্দর সামাজিক মেলা হবে।আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ঈদের দিন হতে ২সপ্তাহের মেলাটি আরও আকর্ষণীয় করে পরিচালনার জন্য।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঐতিহাসিক বাঘা ঈদ মেলার এবারের ইজারা পেয়েছেন শফিকুল ইসলাম শফি। ঈদের দিন থেকে টানা ১৪ দিন এই মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। আশা করা যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে মেলাটি সম্পন্ন হবে।



