বাঘা (রাজশাহী), প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ব্যাপক ও তীব্র নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
প্রচারণায় নেতৃত্ব দেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল। এ সময় তিনি আড়ানী পৌর বাজারে পথসভা করেন এবং দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
প্রচারণাকালে ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে ভোট প্রার্থনা করেন মহিদুল ইসলাম জুয়েল। তিনি বলেন, “ধানের শীষ প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয়; এটি গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের সার্বিক উন্নয়নের প্রতীক। বর্তমান সংকটময় সময়ে দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমি আড়ানীবাসীর প্রতি আহ্বান জানাই—আপনারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করুন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল (মহরি), অপর সদস্য মোঃ শামসুল ইসলাম, যুবদল নেতা রকি আহম্মেদ, নাঈম ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। তারা ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখেন।
নেতাকর্মীরা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে ধানের শীষের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
প্রচারণাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেতাকর্মীদের আরও উজ্জীবিত করে। স্থানীয় বাসিন্দারা জানান, এই প্রচারণা আড়ানী পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে।
নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের সরাসরি ও ধারাবাহিক প্রচারণা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে, যা রাজশাহী-০৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদের বিজয়ের সম্ভাবনাকে আরও জোরালো করছে।



